পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ট্রেন থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ১৬ বছর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, ট্রেন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। তবে মুলাডুলি রেলওয়ে স্টেশনটি সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় সেখানকার পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, স্টেশনের অদূরে একটি সিগন্যাল গ্যান্ট্রির কাছে যুবকের মরদেহ পড়েছিল। সিগন্যাল গ্যান্ট্রিতেও রক্তের দাগ পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করার সময় সিগন্যাল গ্যান্ট্রির সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে ছিটকে পড়ে যান। এতে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply
You must be logged in to post a comment.