পাবনা প্রতিনিধি: নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেছিলেন মাওলানা মুফতী নজরুল ইসলাম। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ঢাকার কর্মস্থল ছেড়ে প্রায় দুই মাস আগে ফিরেছিলেন গ্রামের বাড়িতে। তবে স্বপ্নের সেই মাদ্রাসা প্রতিষ্ঠার আগেই গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন এই আলেম।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে গাছ কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মুফতি নজরুল। শনিবার সকালে বাড়ির একটি বিটুলি গাছ কাটতে গেলে সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকায় পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রায় দুই মাস আগে তিনি সেখান থেকে গ্রামের বাড়িতে ফিরে আসেন। নিজ এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে স্থায়ীভাবে ঈশ্বরদীতে বসবাসের পরিকল্পনা ছিল তাঁর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
#
ক্যাপশন : গাছ চাপায় নিহত মুফতী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
#
এম এস রহমান, পাবনা।
২৪-১০-২০২৬
০১৭৩৩-১১৮১৬৭

Leave a Reply
You must be logged in to post a comment.