ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৫ কেজি অবৈধ গাঁজাসহ মো. সবুজ নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার বাবা মো. মিন্টু পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল, ঈশ্বরদীর উপপরিদর্শক মোহাম্মদ শের আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানাধীন ফরিদপুর পৌরসভার থানাপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. মিন্টু ও তার ছেলে মো. সবুজের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় একটি বড় প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন ও কসটেপে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সবুজকে হাতেনাতে গ্রেপ্তার করা হলেও তার বাবা মিন্টু পালিয়ে যায়।
এদিকে একই স্থানে মাদক সেবনের অপরাধে মো. পলক (২০) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
গ্রেপ্তার সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.