ফরিদপুর প্রতিনিধি: পাবনার ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে শারীরিক প্রতিবন্ধী যুবক সুজনের (২৫) দোকান। পরিবারের একমাত্র আয়ের উৎস দোকানটি হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি। একই আগুনে পাশের একটি গুদামে থাকা দুই ব্যবসায়ীর প্রায় চার লাখ টাকার পাটও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৯ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

সোমবার (১০ আগস্ট) রাতে উপজেলার জন্তিহার গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতের কোনো একসময় সুজনের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের গুদামে। পরে গুদামে থাকা ব্যবসায়ী লালচাঁদ ও খায়রুলের পাটেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত সুজন বলেন, তাঁর দোকানে থাকা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। দোকানটিই ছিল তাঁর পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম। দোকান হারিয়ে পরিবার নিয়ে তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।

পাট ব্যবসায়ী লালচাঁদ ও খায়রুল জানান, তাঁদের গুদামে রাখা প্রায় চার লাখ টাকার পাট আগুনে পুড়ে গেছে। এতে তাঁরাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ ফারুক হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানে পাট ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় বাসিন্দা ও বি এল বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম আবু যুবাইর হেলাল বলেন, সুজনের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল ওই দোকান। আগুনে দোকানটি পুড়ে যাওয়ায় পরিবারটি অসহায় হয়ে পড়েছে। তাঁর দোকানটি পুনরায় চালু করতে প্রশাসন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।