ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা ব্যবহার করে ভেজাল দুধ তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর দুজনকে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালনগর এলাকায় উত্তম ঘোষের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির কারবারের সন্ধান পায় উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুধের সঙ্গে জেলি ও কস্টিক সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরির প্রমাণ পাওয়া যায়। এ সময় ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত তিন ড্রাম জেলি, ৫০০ গ্রাম কস্টিক সোডা এবং তিন ড্রাম তৈরি করা ভেজাল দুধ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে এ কারবারে জড়িত চারজনকে আটক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
আটক চারজনের মধ্যে আবুল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ওমর ফারুককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর দুজনকে এক হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর থানা পুলিশের সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন জানান, শিশু খাদ্যের মতো গুরুত্বপূর্ণ খাবারে ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খাদ্যপণ্যে ভেজাল রোধে প্রশাসনের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তবে জনস্বাস্থ্য সুরক্ষায় শুধু অভিযান নয়, নিয়মিত নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply
You must be logged in to post a comment.