ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দক্ষতা, নিষ্ঠা ও সাফল্যের স্বীকৃতি পেলেন পাবনার ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন। ২০২৬ সালের অক্টোবর মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
পাবনা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও সহজ, গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে তাঁর দায়িত্বশীল ভূমিকা এ স্বীকৃতি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উম্মে ইমামা বানিনের এ অর্জনে ফরিদপুর উপজেলা প্রশাসনসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সম্মাননা উপজেলা প্রশাসনের জনসেবামূলক কার্যক্রমে আরও গতিশীলতা আনবে এবং ভবিষ্যতে নাগরিক সেবা নিশ্চিত করতে নতুন অনুপ্রেরণা জোগাবে।

Leave a Reply
You must be logged in to post a comment.