জিয়াউর রহমান, ফরিদপুর: পাবনার ফরিদপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সমাদৃত অনুষ্ঠানে এই শাড়ি বিতরণ করা হয়। দুর্গাপূজার উৎসবমুখর এই উদ্যোগে এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে ইমামা বানিন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এবং ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বি-নগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম বিএসসি ও আশরাফুজ্জামান মাসুদ, এবং সাবেক যুগ্ম সম্পাদক প্রফেসর জিয়াউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির মনি, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী মাস্টার ও সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি মো. এনামুল হক এবং ফরিদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির (সজিব)-সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ হলরুমে বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন করার পর এমপি আরিফা সুলতানা রুমা তাঁর সফরসঙ্গীদের সাথে নিয়ে ফরিদপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজা উৎসবের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন।

Leave a Reply
You must be logged in to post a comment.