বিনোদন ডেস্ক: পাবনার চাটমোহরের দুই কৃতী সন্তানের সৃজনশীল মিলনে নির্মিত হয়েছে নতুন চলচ্চিত্র ‘পথ’। ‘কাঠবিড়ালী’খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তা পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা আসাদুজ্জামান দুলাল। উল্লেখযোগ্য বিষয় হলো, নির্মাতা ও প্রধান অভিনেতা দুজনই পাবনার চাটমোহর উপজেলার সন্তান।

মঞ্চনাটকের একজন নিবেদিতপ্রাণ কর্মীর জীবনসংগ্রাম, স্বপ্ন, ত্যাগ এবং শিল্পচর্চার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘পথ’। চলচ্চিত্রটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন নিয়ামুল মুক্তা। ‘চিলেকোঠা ফিল্মস’-এর ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজনাও করেছেন তিনি নিজেই।

নির্মাতা জানান, থিয়েটারকে জীবনের অংশ করে নেওয়া একজন শিল্পীর সংগ্রাম ও নাট্যজগতের নানা বাস্তবতাকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে সিনেমার গল্প। চলতি বছরের শেষ দিকে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ‘পথ’ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে সেন্সর সনদ পেয়েছে। ফলে প্রেক্ষাগৃহে মুক্তির পথে আর কোনো বাধা নেই।

এদিকে নিয়ামুল মুক্তার আরেকটি চলচ্চিত্র ‘বৈদ্য’-র কাজও সম্পন্ন হয়েছে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এ ছবিটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।

চাটমোহরের দুই গুণী সন্তানের এই যৌথ উদ্যোগ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। চলচ্চিত্রপ্রেমীদের প্রত্যাশা, ‘পথ’ দর্শকদের সামনে থিয়েটারকর্মীদের জীবনসংগ্রামের এক ভিন্নমাত্রার গল্প তুলে ধরবে।