চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬২ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে আরও তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে চাটমোহর উপজেলার অমৃতকুণ্ডা (রেলবাজার) গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে ফজলু প্রামাণিক (৫২) ও তাঁর স্ত্রী শামসুন্নাহারকে (৪৪) গ্রেপ্তার করা হয়। অভিযানে তাঁদের দখল থেকে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬২ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে ডিএনসি।

গ্রেপ্তার ফজলু প্রামাণিক চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা (রেলবাজার) গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় নিয়মিত মামলা করেছেন।

অন্যদিকে, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে ভাদড়া ও মথুরাপুর এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়। তাঁরা হলেন চাটমোহরের নারিকেলপাড়া গ্রামের লিটন শেখ (৩৮), ভাদড়া গ্রামের জনি (২০) এবং মথুরাপুর গ্রামের মো. শাজাহান ওরফে সাজা (৪৭)।

ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসে এ পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে মোট ৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।