চাটমোহর প্রতিনিধি: সাংবাদিকদের সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসন (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। একই সঙ্গে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এমপি রুমা বলেন, একটি রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য। সাংবাদিকদের সাহসের সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে মানুষের সামনে বাস্তব চিত্র তুলে ধরতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জোরালোভাবে লিখতে হবে এবং মাদক ব্যবসায়ীদের পরিচয় প্রকাশ করতে হবে। চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
নিজের এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “চাটমোহর আমার জন্মস্থান। এ এলাকার উন্নয়ন আমি সব সময় চাই। এলাকার স্বার্থে আপনারা সাহসের সঙ্গে লিখবেন। আপনাদের সঙ্গে নিয়ে, আপনাদের হাত ধরেই উন্নয়নমূলক কাজ করতে চাই।”
সভায় বিগত চার মাসের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সংসদ সদস্য জানান, চাটমোহরে আধুনিক অডিটোরিয়াম নির্মাণ, ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, তিন উপজেলায় দ্বিতীয় ধাপে স্টেডিয়াম নির্মাণ, চাটমোহর রেলস্টেশনকে আধুনিক মডেল স্টেশনে রূপান্তর, ট্রেনের যাত্রাবিরতি ও আসনসংখ্যা বাড়ানো, চাটমোহরে পুলিশ ভ্যান দেওয়া, বড়াল নদ সংস্কার ও খনন এবং ভাঙ্গুড়ায় সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া তিনটি প্রেসক্লাবের উন্নয়নে প্রতিটিকে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি। চাটমোহর-মান্নাননগর সড়কের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এ সড়কের কাজের বিষয়ে পদক্ষেপ নিয়েছেন।
চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম বাবলু, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মির্জা বাসিত এবং সাংবাদিক বিকাশ চন্দ্র চন্দ, এস এম মাসুদ রানা, বিপ্লব আচার্য, জিয়াউর রহমান ও পিপুল। এছাড়াও চাটমোহর ভাঙ্গুড়া ও ফরিদপুরের বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, এ এম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, মিজানুর রহমান মজনু, ইয়াসিন আলী, গোলজার হোসেন, জাকির হোসেন, যুবদল নেতা গোলজার হোসেন, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply
You must be logged in to post a comment.