বিক্ষোভ মিছিল করছেন নেতাকর্মীরা। বুধবার বিকেলে পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায়। ছবি : নিজস্ব।

পাবনা প্রতিনিধি: দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বিএনপির উদ্যোগে এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে এ কর্মসূচী পালন করা হয়।

চাটমোহর রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে বিক্ষোঠ মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুন্তাজ আহমেদ, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত আকবর, উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোকন প্রধান প্রমুখ।

পথসভায় নেতারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের আবারো হুশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি আবারো মিষ্টি খাওয়ার মতো সাহস দেখান, তাহলে তার দায় দায়িত্ব আপনাদের নিতে হবে। আমাদের নেতাকর্মীরা তার প্রতিবাদ করবে। আমরা প্রশাসনের উপর নির্ভরশীল হতে চাই না। আওয়ামীলীগ এই সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছে, তার জবাব দিতে হবে। তাই নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সংগঠিত থাকতে হবে, তাহলে আওয়ামীলীগ মাথা চাড়া দিতে পারবে না। আর আওয়ামীলীগের দোসর যারা আছে তাদের সামাজিকভাবে একঘরে করে ফেলতে হবে। যাতে তারা এই সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়।