দর্পণ ডেক্স: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাবনার চাটমোহরের সেন্ট রীটাস্ হাই স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ আয়োজনে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রবীণ শিক্ষক (অব.) আলহাজ্ব ফসি উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
সোমবার (৫ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গান, নৃত্য ও ফুল ছিটিয়ে অতিথিদের বরণ করা হয়। পরে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক দিবসের গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মথুরাপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ও সেন্ট রীটাস্ হাই স্কুলের প্রধান শিক্ষক ফাদার পিউস গোমেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন।
অনুষ্ঠানে চাটমোহরের ‘শিক্ষার বাতিঘর’ হিসেবে পরিচিত প্রবীণ শিক্ষক আলহাজ্ব ফসি উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অতিথিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাটমোহরের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.