সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই চেষ্টার অভিযোগে যুবককে আটক করেন চালকরা। সোমবার দুপুরে পাবনার চাটমোহর পৌর সদরের জারদিস মোড়ে। ছবি : নিজস্ব।
চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সুখচাঁদ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে পাবনার ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় তাকে আটক করা হয়। পরে তাকে চাটমোহর নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেন চালকরা। আটক সুখচাঁদ পাবনার বেড়া উপজেলার শেখপাড়া গ্রামের আরিফুল হোসেনের ছেলে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও অটোরিকশা চালকরা জানান, সোমবার সকালে চাটমোহর পৌর সদরের জারদিস মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ফরিদপুর যাওয়ার জন্য রিজার্ভ করেন সুখচাঁদ। পরে ফরিদপুর উপজেলার বেড়হাউলিয়া এলাকায় গিয়ে গাড়ি থামিয়ে আরও যাত্রী উঠবে বলে চালককে জানান তিনি। একপর্যায়ে চালককে লাথি-ঘুষি মারেন এবং চাকু দিয়ে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ।
ঘটনাটি দেখতে পেয়ে চাটমোহরের কয়েকজন পরিচিত সিএনজিচালিত অটোরিকশা চালক এগিয়ে গিয়ে সুখচাঁদকে আটক করেন। পরে তাঁকে চাটমোহর জারদিস মোড়ে নিয়ে গেলে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিউর রহমান জানান, মামলা হলে অটোরিকশাটি জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, এ কারণে তাঁরা মামলা করতে রাজী হয়নি। তবে আটক সুখচাঁদ হোসেনকে পাবনা আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.