চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং অবৈধ মোটরযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অবৈধ মোটরযানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিয়ে জরিমানা আদায় করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাটমোহর পৌর সদরের নতুন বাজার ও মিশন গেট এলাকায় পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথমে নতুন বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে মনমোহন মিষ্টান্ন ভান্ডারের তিনটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থদণ্ড দেওয়া হয়।

পরে মিশন গেট এলাকায় অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল মাহমুদ

অভিযানে চাটমোহর পৌর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ দুলালসহ চাটমোহর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সড়কে অবৈধ যান চলাচল নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।