বিশেষ প্রতিবেদক: দেশের অন্যতম বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান দ্য ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে সামাজিক ও পেশাজীবী সংগঠন চাটমোহর ফাউন্ডেশনের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে চাটমোহর ফাউন্ডেশনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ইবনে সিনার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর লালবাগে ইবনে সিনা ডি-ল্যাবের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইবনে সিনা ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন এবং চাটমোহর ফাউন্ডেশনের সভাপতি সরদার আসিফ আরাফাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্টের আহাম্মদুল্লাহ মোতাহার, ম্যানেজার (অ্যাকাউন্টস), জিএম তরিকুল ইসলাম, এজিএম (বিজনেস ডেভেলপমেন্ট), মো. রফিকুল ইসলাম, অ্যাডমিন ও ইউনিট ইনচার্জ (ইবনে সিনা লালবাগ), মোহাম্মদ মাসুদ, রিজিওনাল ইনচার্জ (কর্পোরেট), মো. শহীদুল ইসলাম, কর্পোরেট জোনাল ইনচার্জ (সাউথ), মো. সাইফুল ইসলাম, জোনাল ইনচার্জ এবং মো. জাকির হোসেন, সিনিয়র অফিসার (কর্পোরেট উইং) উপস্থিত ছিলেন।

এ ছাড়া চাটমোহর ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সানজানা আফরিন ঐশী, এডমিন (ঢাকা শাখা) মো. সাখাওয়াত হোসেন, সম্মানিত সদস্য মো. সাব্বির রহমান, মো. বখতিয়ার উদ্দিন, মো. মুবাশ্বির রহমান খান, মো. নূর নবী, সুমন খান ও মো. আতিকুল ইসলামসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটমোহর ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সমঝোতা স্মারকের আওতায় সংগঠনটির প্রায় ৩ হাজার সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ইবনে সিনা ট্রাস্টের হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ কমিশন সুবিধায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করানোর সুযোগ পাবেন।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, সদস্যদের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্যসেবায় সহযোগিতার পরিধি বাড়ানোর লক্ষ্যেই ইবনে সিনা ট্রাস্টের সঙ্গে এ সমঝোতা করা হয়েছে।