চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদক সেবনকালে পুলিশের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে কুমারগাড়া মধ্যপাড়া গ্রামের মো. হাফিজুল রহমানের ছেলে মো. আসাদুল ইসলাম মিঠু (৩৩)-কে কুমারগাড়া এলাকা থেকে এবং বোথর গ্রামের মো. তনছের আলীর ছেলে মো. সাব্বির হোসেন (৩৩)-কে চাটমোহর পৌরসভার মির্জা মার্কেট এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত আটক দুইজনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

আদালতের আদেশ অনুযায়ী দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ প্রহরায় পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।