শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্বে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মো. রেজাউল করিম (এমএসএস)। তিনি চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্বের মাধ্যমে হরিপুর ইউনিয়নকে একটি আধুনিক, জনবান্ধব ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় রেজাউল করিম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে চেয়ারম্যানের চেয়ারে বসে দূরত্ব তৈরি নয়, বরং সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে চান। ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্য সুযোগ নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তিনি জানান, নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে একটি মডেল ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করবেন। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন সহজে সেবা পান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

হরিপুর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেলার মাঠ সৃষ্টি, খেলাধুলার পরিবেশ তৈরি এবং ক্রীড়া কার্যক্রমে তরুণদের উৎসাহিত করার পরিকল্পনার কথা তুলে ধরেছেন তিনি।

শিক্ষাক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রেজাউল করিম। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে জন্য তাদের পড়াশোনার সুযোগ তৈরি ও সহযোগিতার উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

রেজাউল করিম বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই জনগণের সেবক হিসেবে। নির্বাচিত হলে শুধু চেয়ারম্যানের দায়িত্ব পালন করব না, মানুষের বন্ধু ও আত্মীয় হয়ে তাদের পাশে থাকতে চাই। ইউনিয়নের প্রতিটি মানুষের কথা শুনে তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।”

তরুণ প্রজন্মের নেতৃত্বে হরিপুর ইউনিয়নের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, ক্রীড়া এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ভোটারদের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরছেন রেজাউল করিম। তাঁর প্রত্যাশা, পরিবর্তন ও জনকল্যাণের এই অঙ্গীকারকে মূল্যায়ন করে হরিপুর ইউনিয়নের মানুষ তাঁকে নির্বাচিত করবেন।