সুজন আহম্মেদ: পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে সুমন ঘোষ নামে এক মিষ্টি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা করা হয়েছে। তিনি পৌর এলাকার নতুনবাজার জারদিসমোড় এলাকার অমল ঘোষের ছেলে।

বুধবার (২৭ আগস্ট) রাতে চাটমোহর পৌর এলাকার নতুনবাজার জারদিসমোড় এলাকার ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

স্থানীয় একটি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় কারখানা থেকে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে কেমিক্যাল, জেলি, কস্টিক সোডা, ব্লেন্ডার, বিভিন্ন ধরনের তেলসহ অন্যান্য সামগ্রী রয়েছে।

অভিযোগ রয়েছে, সুমন ঘোষ দীর্ঘদিন ধরে এসব উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলেন। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে দুধ ও শিশু খাদ্যজাতীয় পণ্য তৈরির অভিযোগও পাওয়া যায়।

অভিযানে উপস্থিত স্যানিটারি ইন্সপেক্টর জানান, ভেজাল দুধ ও ক্ষতিকর উপকরণ দিয়ে তৈরি খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব খাদ্য নিয়মিত গ্রহণ করলে হৃদ্‌যন্ত্র, কিডনি, ফুসফুসসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত প্রচলিত আইন অনুযায়ী সুমন ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এ সময় তাকে জেল ও জরিমানা করা হয়।

চাটমোহর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন, মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।