চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের প্রাণকেন্দ্র কুয়াবাসী বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা, বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় কুয়াবাসী ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সমিতির আহ্বায়ক রেজাউল করিম মোল্লার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব আলাউদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেকটর হাবিবুর রহমান, এসআই আব্দুল খালেকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।

সভায় কুয়াবাসী বাজারের সার্বিক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাজারে নাইট গার্ডের সংখ্যা বাড়ানো, বাজারের সব প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন এবং রাতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত আলো জ্বালিয়ে রাখার বিষয়ে মতামত দেন ব্যবসায়ীরা।

এছাড়া রাত ১১টার পর বাজারে অপ্রয়োজনে অবস্থান না করা, সপ্তাহে একদিন দোকান বন্ধ রাখা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা এবং বাজারের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও মতামত দেন উপস্থিত ব্যবসায়ীরা।

সভায় সম্প্রতি কুয়াবাসী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীকে কুয়াবাসী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

পরে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ীসহ সবার নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কুয়াবাসী বাজার জামে মসজিদের পেশ ইমাম রুহুল আমিন।