চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে নৌকা নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মোঃ আত্তাব শাহ নামে এক মাঝিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ সাগর হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় লিখিত অভিযোগ করেছেন নৌকার মালিক মোঃ আব্দুল কুদ্দুস।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের দীঘলগ্রাম শাহাবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী আব্দুল কুদ্দুস জানান, তিনি দীঘলগ্রাম শাহাবাড়ী ঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ঘটনার সময় তাঁর মাঝি আত্তাব শাহ নৌকা নিয়ে এপারের ঘাট থেকে অপর পাড়ের দিকে যাচ্ছিলেন। মাঝপথে সাগর হোসেন তাঁকে ডেকে অপর পাড়ে নিয়ে যেতে বলেন। এ সময় নৌকায় থাকা যাত্রীরা আগে তাদের অপর পাড়ে নামিয়ে দেওয়ার কথা বলেন।
পরে যাত্রীদের অপর পাড়ে নামিয়ে দিয়ে আত্তাব শাহ এপারে ফিরে এলে সাগর হোসেন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। গালিগালাজ করতে নিষেধ করলে সাগর হোসেন তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম হয় বলে অভিযোগ করা হয়েছে।
মাঝির চিৎকার শুনে নৌকার মালিক আব্দুল কুদ্দুসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত সাগর হোসেন আত্তাব শাহকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত আত্তাব শাহকে অটোরিকশায় করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসার কাজে ব্যস্ততা এবং স্বজনদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাগর হোসেনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল আমি সরাসরি সাক্ষাৎ করে আপনার সঙ্গে কথা বলব।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।
এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউর রহমান বলেন, ‘অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে থানায় অভিযোগ দিলে অবশ্যই তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply
You must be logged in to post a comment.