পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকবিরোধী পৃথক অভিযানে পাঁচ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) পাবনা সদর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে ডিএনসি পাবনা টিম।
পাবনা সদর উপজেলার মালঞ্চি ও লস্করপুর এবং চাটমোহর উপজেলার কুবিরদিয়ার ও রেলবাজার এলাকার বিভিন্ন মাদকস্পট থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনার মালঞ্চি গ্রামের মৃত লোকমান আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪৮), দক্ষিণ রাঘবপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. মানিক (৩৮), নয়নামতি গ্রামের মৃত আমিনুর রহমানের ছেলে মো. জাকির (৪৫), চাটমোহরের কুবিরদিয়ার গ্রামের শ্রী খোকন চন্দ্র দাসের ছেলে শান্ত কুমার দাস (২৮) এবং একই গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. রকিবুল হাসান (৫০)।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ডিএনসি পাবনার পরিদর্শক মো. আব্দুর রহিম, উপপরিদর্শক সোহান, উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে পাঠান।
ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.