চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে সিএনজি চালিত অটোরিকশা ও গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের তেনাপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তেনাপীর এলাকায় সিএনজি ও গরুবাহী ভুটভুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজি ও গরুবাহী ভুটভুটিটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে ভুটভুটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহতদের উদ্ধার করে চাটমোহর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন, পাবনা সদর উপজেলার আটুয়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ মনিব হোসেন (৩৫), একই গ্রামের খলিলুর রহমানের ছেলে মো. স্বপন মিয়া (৩৮), ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা গ্রামের মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ বাবুল মিয়া (৪৫) এবং একই গ্রামের আব্দুস সামাদ প্রামাণিকের মেয়ে মোছা. সাবিনা পারভীন (৩৮)।

এ বিষয়ে চাটমোহর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর দুটি যানবাহন জব্দ করা হয়েছে। ভুটভুটির চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।