চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক মাদ্রাসাছাত্রকে অটোরিকশায় তুলে দীর্ঘ সময় বিভিন্ন স্থানে ঘোরানো এবং ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. ওয়াসিবুল ইসলাম হামিম। তিনি চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ বানিয়াবহু গ্রামের বাসিন্দা এবং ডাঃ মোস্তাফিজুর রহমানের ছেলে। ওয়াসিবুল বোয়াইলমারি মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বুধবার সকাল প্রায় ১১টার দিকে ওয়াসিবুল সমাজ বাজার থেকে বোয়ালমারীর উদ্দেশ্যে রওনা দেয়। পরে জারদিস মোড়ে নেমে বোয়ালমারীগামী একটি বোরাক (অটোরিকশা) গাড়িতে ওঠে। সে সময় গাড়িতে সে একাই ছিল এবং গাড়িটির চারপাশে পর্দা টানানো ছিল।
অভিযোগ রয়েছে, অটোরিকশাচালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে বেড়ায়। ছোট হওয়ায় কোথায় কোথায় তাকে নেওয়া হয়েছিল, সে তা স্পষ্টভাবে বলতে পারেনি। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা ১ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। ওই টাকা মাদ্রাসার বেতন পরিশোধের জন্য সঙ্গে নিয়েছিল বলে জানিয়েছে পরিবার।
পরিবারের দাবি, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে অটোরিকশাচালক প্রাকৃতিক প্রয়োজন সারতে গাড়ি থেকে নামলে ওয়াসিবুল তার ব্যাগ গাড়িতেই রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় সে নিরাপদ স্থানে পৌঁছে পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে ওয়াসিবুল মানসিকভাবে আতঙ্কিত রয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত অটোরিকশাচালককে শনাক্ত এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply
You must be logged in to post a comment.