চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ১৫ নেতা হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন পেয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারায় চাটমোহর থানার ২২ জুলাই ২০২৬ তারিখের ১৭ নম্বর মামলায় অভিযুক্ত ১৫ জন নেতা ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৯৮ ধারায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে পৃথক দুটি আগাম জামিন আবেদন করেন।
মঙ্গলবিার (৪ আগস্ট) বিচারপতি কাজী মো. এজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরীন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ আবেদন দুটি শুনানি শেষে তাদের ৮ (আট) সপ্তাহের অন্তর্বর্তীকালীন আগাম জামিন মঞ্জুর করেন।
আগাম জামিনপ্রাপ্তরা হলেন, পৌরসদরের মধ্য শালিখার হেলাল উদ্দিন, নারিকেল পাড়ার আব্দুল ওয়াহিদ বকুল কাজিপাড়ার রাজীব হোসেন, হরিপুর গ্রামের মকবুল হোসেন বাচ্চু, মাঝগ্রামের মাহবুল আলম, পাঁচুরিয়া গ্রামের আব্দুল মতিন মেম্বার, মহেশপুর গ্রামের ফরহাদ নাসিম ও আব্দুল গণি, অমৃতকুন্ডা গ্রামের সাইদুল ইসলাম ও সোহরাব আলী, জগতলা গ্রামের মহরম আলী ও মো. শরিফুল্লাহ সাচ্চু, মহরমখালী গ্রামের রবিউল ইসলাম, বেজপাড়া গ্রামের গাজীউর রহমান এবং ফরিদ হোসেন সরদার।
হাইকোর্টের আদেশ অনুযায়ী, তারা ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন আগাম জামিনে থাকবেন। মামলাটির পরবর্তী আইনগত কার্যক্রম সংশ্লিষ্ট আদালতে চলমান থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.