চাটমোহর (পাবনা) প্রতিনিধি পাবনার চাটমোহরে হত্যা মামলার আসামি ও কৃষকদলের বহিষ্কৃত নেতা আব্দুল মমিন আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই আদেশে মামলার আরেক আসামি মতিনকেও জেলহাজতে পাঠানো হয়েছে। এ খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আব্দুল মমিন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আজিজলের ছেলে এবং কৃষকদল বিলচলন ইউনিয়ন শাখার বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।
মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৯ জুন নটাবাড়িয়া এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনায় হাশেম প্রামাণিক নিহত হন। ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলার পর থেকেই মমিনসহ কয়েকজন আসামি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তারা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
হাশেম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আবুল কালাম বলেন, মামলা দায়েরের পর আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। আদালতে আত্মসমর্পণের পর তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের পর নিহত হাশেম প্রামাণিকের পরিবার, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নটাবাড়িয়া বিশিপাড়া এলাকায় আব্দুল মমিনের বাড়িতে ভাড়া নেওয়া টিনশেড ঘরে সয়াবিন তেল, ডিটারজেন্ট, জেলি, কেমিক্যালসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করা হতো। পরে এসব দুধ উপজেলার বিভিন্ন দুধ সংগ্রহকেন্দ্র ও বাসাবাড়িতে সরবরাহ করা হতো।
প্রশাসনের তথ্যমতে, গত বছরের ১৮ আগস্ট ওই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৭০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরে ২০ আগস্ট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী আব্দুল মমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
তবে হত্যা মামলার বিচার এখনো বিচারাধীন। মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি।

Leave a Reply
You must be logged in to post a comment.