চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মো. শহিদুল্লাহ। তিনি ছাইকোলা ইউনিয়নের বাসিন্দা ও প্রয়াত শিক্ষক মৌ. আফছার উদ্দিন মাস্টারের ছোট ছেলে।

রাজনৈতিক পরিচয়ে তিনি ছাইকোলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় জনগণের উদ্দেশে দেওয়া এক বার্তায় মো. শহিদুল্লাহ বলেন, নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করবেন। পাশাপাশি নাগরিক সেবা সহজ ও ডিজিটাল করা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা শতভাগ স্বচ্ছতার সঙ্গে বিতরণ, কৃষক, খামারি ও ব্যবসায়ীদের সহযোগিতা বৃদ্ধি এবং রাস্তা-ঘাট, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামোর টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেবেন।

এছাড়া শিক্ষা ও যুব উন্নয়ন, আইটি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নারী উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠন, দলমত নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার ও সেবা নিশ্চিত করা এবং খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রসারেরও অঙ্গীকার করেন তিনি।

মো. শহিদুল্লাহ বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত আধুনিক ছাইকোলা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব।”

তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।