চাটমোহর (পাবনা) প্রতিনিধি: মানবিক উদ্যোগের অংশ হিসেবে চাটমোহরে দুজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় চাটমোহর পৌরসদরের জিরোপয়েন্টে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিওর সভাপতি মো. রবিউল করিম রবি।
এ সময় বক্তব্য দেন সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস. এম. হাবিবুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, দৈনিক যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার এবং সিডিওর কোষাধ্যক্ষ মো. ইউনুস আলী।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫-২০২৬ অর্থবছরের মানবকল্যাণ কর্মসূচির অংশ হিসেবে নিজস্ব অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়েছে।
হুইল চেয়ার পেয়েছেন চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধুলাউড়ি দিয়ারপাড়া গ্রামের মো. ময়েজ উদ্দিনের ছেলে মো. আতাউর রহমান (৪৫) এবং ডিবিগ্রাম ইউনিয়নের বাঙ্গালা দক্ষিণপাড়া গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে মো. রাজ আলী (১৪)।
অনুষ্ঠানে সিডিওর কার্যনির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিডিওর সাধারণ সম্পাদক কে. এম. বেলাল হোসেন বলেন, সদস্যদের অনুদানের অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে অসহায় মানুষের চিকিৎসা সহায়তা, চোখে লেন্স সংযোজন, টিউমার অপারেশনে সহযোগিতা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান দিয়ে আসছে সংগঠনটি। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধিত এই সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে বেকার যুবক-যুবতীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, বৃক্ষরোপণ কর্মসূচি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.