নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

সোমবার (২০ জুলাই) পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ড সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সমিতির সার্বিক কার্যক্রম, গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার শুরুতে সমিতির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্বাগত জানানো হয়। পরে তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করেন।

মতবিনিময় সভায় এমপি অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, জনগণের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎসেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং সেবাগ্রহীতাদের হয়রানি রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হলে সেবার মান বৃদ্ধি এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

সভায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।