নিজস্ব প্রতিবেদক: দেশীয় মাছ ও জলজ প্রাণী সংরক্ষণে পাবনার চাটমোহরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১১ জুলাই) উপজেলার আত্রাই নদী, ছাওয়াল দহ জলমহল, কাঁটা গাং নদী, হান্ডিয়াল ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল এবং নবীন ও চর নবীন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। মৎস্য ও জলজ প্রাণী (সংরক্ষণ) আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।
অভিযান শেষে উদ্ধার করা ৫০টি চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব, চাটমোহর থানা পুলিশ, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটমোহর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ প্রাণী রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতিবছরের মতো এবারও উপজেলার বিভিন্ন নদী ও বিলে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, চায়না দুয়ারী জাল জলাশয়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ জালে শুধু মাছ নয়, মাছের পোনা, কাঁকড়া, ব্যাঙ, সাপ, বিভিন্ন জলজ কীটপতঙ্গ ও পাখিও আটকা পড়ে। ফলে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে।
তিনি আরও বলেন, অসাধু একটি চক্র সাধারণ জেলে ও শ্রমজীবীদের দিয়ে এসব জাল ব্যবহার করাচ্ছে। এ প্রবণতা অব্যাহত থাকলে ভবিষ্যতে নদী-নালা ও বিলে দেশীয় মাছের সংকট আরও তীব্র হবে। তাই পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

Leave a Reply
You must be logged in to post a comment.