ঘটনাস্থলে স্বজনদের কান্না ও স্থানীয়দের ভীড়। বুধবার রাতে পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারী কবরস্থানের কাছে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী কবরস্থান সংলগ্ন কাছিকাটা সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগাশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলা এলাকায় গিয়েছিলেন নাছের আলী। সেখান থেকে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্ব পাশে দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত ও গলা কেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নাছের আলী প্রাণ বাঁচাতে দৌড়ে পাশের সবুজের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেন। পরে সেখানেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ নাছের আলীর বলে নিশ্চিত করেন।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে নাছের আলীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ঘটনার পর সিনিয়র পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।