স্টাফ রিপোর্টার: পাবনার চাটমোহরে মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানে একদিনেই ১৪ জনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, মাদকসেবী এবং জুয়ারু রয়েছেন। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মাদক সংশ্লিষ্ট ৮ জনকে পাবনায় নিয়ে ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় প্রমাণিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন, পৌর এলাকার ছোটশালিখা মহল্লার আতিকুর রহমান আতিক, শাকিল আহম্মেদ, আজিম উদ্দিন ও আসাদুল ইসলাম মান্না, বৃগুয়াখড়া গ্রামের মুন্না, সারোরা গ্রামের শাহিন আলম, দোদারিয়া গ্রামের আশরাফুল ইসলাম এবং বড়শালিখা গ্রামের আসানুর ইসলাম।

এদিকে একই রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা বাজারের একটি দোকানঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জনকে আটক করে পুলিশ। তারা হলেন, দক্ষিণ সেনগ্রামের মহরম মোল্লা, জহুরুল ইসলাম, লুৎফর রহমান, সাদ্দাম হোসেন, আলাউদ্দিন ও আব্দুর রহমান। তাদের বিরুদ্ধে চাটমোহর থানায় জুয়া আইনে মামলা করা হয়েছে।

চাটমোহর থানা পুলিশ জানায়, গত এক মাসে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থদণ্ডও করা হয়। এছাড়া মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে অভিযান আরও জোরদার করা হয়েছে। এ কাজে পুলিশ বদ্ধপরিকর। মাদক নিয়ন্ত্রণে সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।”