চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনা জেলার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ভাটোপাড়া–জগন্নাথপুর কুঠিপাড়া সড়কে সামাজিক সংগঠন জিডিএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়েছে। “একটি সুন্দর পৃথিবীর জন্য” স্লোগান নিয়ে সংগঠনটি বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। 

শনিবার (০৬ জুন) সকালে সংগঠনটির সদস্যদের অর্থায়নে এই কর্মসূচি পরিচালিত হয়। একই সড়কে এ নিয়ে তৃতীয়বারের মতো বৃক্ষরোপণ সম্পন্ন হলো বলে জানিয়েছেন আয়োজকরা।

জিডিএস জানায়, সড়কটিকে কৃষ্ণচূড়ার রঙে সাজিয়ে পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই ধারাবাহিকভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, স্থানীয় কিছু অসচেতন ব্যক্তির কারণে রোপণকৃত গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গরু-ছাগল ছেড়ে দেওয়া, পাট জাগ দেওয়া, ধান মাড়াই করা, মাছ শিকার বা নৌকা ব্যবহারসহ বিভিন্ন কারণে গাছ নষ্ট হওয়ার ঘটনা ঘটছে বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি খুঁটি উপড়ে নেওয়ার ঘটনাও ঘটছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে জিডিএস বলেছে, গাছগুলো রক্ষা করা সবার দায়িত্ব। এই গাছগুলোই ভবিষ্যতে এলাকার সৌন্দর্য ও পরিচিতির অংশ হয়ে উঠবে।

সংগঠনটি আরও জানায়, বৃক্ষরোপণ একটি ব্যয়বহুল ও শ্রমসাধ্য উদ্যোগ। সমাজকল্যাণমূলক এই কাজে সদস্যরা নিয়মিত অর্থ ও শ্রম দিয়ে যাচ্ছেন।