নিজস্ব প্রতিবেদক
‘এই সময়ের প্রতিবিম্ব’ স্লোগানে সততা ও সাহসিকতার মাধ্যমে সঠিক সংবাদ দ্রুত সময়ে পরিবেশনের অঙ্গীকার নিয়ে পাবনার চাটমোহর উপজেলা থেকে পথচলা শুরু করলো দর্পণ নিউজ ডটকম।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ১২টায় চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে অনাড়ম্বরপূর্ণ ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় নিউজ পোর্টালটি।

চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চাটমোহরের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ও তাদের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে শুভেচ্ছা বক্তব্য পর্বে বক্তব্য দেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, প্রেসক্লাবের সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, কার্যকরী সদস্য সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, সদস্য বিপ্লব আচার্য, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রনজু, চিত্রগৃহ চাটমোহরের পরিচালক জেমান আসাদ।

স্বাগত বক্তব্য দেন দর্পণ নিউজের সম্পাদক শাহীন রহমান ও প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা।

এ সময় উপস্থিত ছিলেন, সদস্য জাহাঙ্গীর আলম মধু, ভোরের দর্পণ প্রতিনিধি এম এ জিন্নাহ, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, কালের কণ্ঠ প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, আজকের পত্রিকা প্রতিনিধি তুষার ভট্টাচার্য, ইনকিলাব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আমার সংবাদ প্রতিনিধি হাবিবুর রহমান শিমুল, আমাদের সময় প্রতিনিধি খোন্দকার ইত্তেখার আহমেদ টুটুল, সিএনআই প্রতিনিধি তোফাজ্জল হোসেন বাবু, দর্পণ নিউজের ডিজাইনার ফয়সাল রাজু উপস্থিত ছিলেন।

নিজের বক্তব্যে চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল বলেন, দর্পণ নিউজ ডটকম নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতা করবে, সত্যকে ধারণ করে এগিয়ে যাবে। আমরা একটা অস্থির সময় পার করছি। সমাজে যেন আমাদের কোনো নিউজের দ্বারা নতুন করে অস্থিরতা তৈরি না হয়, সামাজিক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমরা চাই দর্পণ নিউজ এগিয়ে যাক। পাঠকপ্রিয়তা অর্জন করুক। মানুষের হৃদয় জয় করুক। মানুষ যেন মনে করে আমি দর্পণ নিউজের কাছে গেলে আমার সমস্যার কথা বলতে পারবো এবং সঠিকভাবে দর্পণ নিউজ তুলে ধরবে। সততার সাথে সাহসিকতা অর্জন করতে হবে, সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবো আমরা। সৎ ও সাহসিকতার সম্মিলনে দর্পণ নিউজ এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। দর্পণ নিউজ পাঠাকের হৃদয় জয় করুক, আমরা সেই অপক্ষোয় থাকলাম।

চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন বলেন, অনেক নিউজ পোর্টাল আছে যাদের কোনো নীতি নৈতিকতা নেই। যাদের সাংবাদিকতার মেধা নেই। কপি পেস্ট করে চালিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। ভাইরালের চিন্তা বাদ দিয়ে সাংবাদিকতাটাকে সাংবাদিকতার মতো করেই করতে হবে। একটি পত্রিকা বা নিউজ পোর্টাল গড়া সহজ, তবে ধরে রাখা কঠিন। চাটমোহরে দুই তিনটি অনলাইন নিউজ পোর্টাল থাকলেও, পাঠকের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে হয় না। সেই জায়গায় দর্পণ নিউজ টিকে থাকবে স্বমহিমায়, পাঠকের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে, এই প্রত্যাশা রইল। আজকে দর্পণ নিউজ যে যাত্রা শুরু করলো তা যেন বহুদূর যেতে পারে।

দর্পণ নিউজ ডটকমের সম্পাদক শাহীন রহমান ও প্রকাশক সঞ্জিত চক্রবর্তী সোনা বলেন, আমরা কারো পক্ষে নই। তবে আমরা জনগণের পক্ষে। সমাজের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা তুলে ধরবো। মানবিক সাংবাদিকতাকে প্রাধান্য দিয়ে কাজ করবে দর্পণ নিউজ। যা দেখবো তাই সাহসিকতার সাথে তুলে ধরার চেষ্টা থাকবে। আমরা হবো সমাজের আয়না। জনস্বার্থে সাংবাদিকতা হলো আমাদের মূল ভিত্তি। পাঠক দর্শক তাদের মতামত নিয়ে সহযোগিতা করে পাশে থাকলে যত কঠিন পথই হোক পেরোতে চাই একসাথে।

শুভেচ্ছা পর্ব শেষে প্রজেক্টেরের মাধ্যমে ক্লিক করে দর্পণ নিউজ ডটকম উদ্বোধন করে হেলালুর রহমান জুয়েল ও রকিবুর রহমান টুকুন। পরে সবাই মিলে কেক কাটা ও মিষ্টি মুখ করার মাধ্যমে দর্পণ নিউজের শুভযাত্রা শুরু হয়।