চাটমোহর (পাবনা) প্রতিনিধি: নারীকে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পাবনার চাটমোহর থানা পুলিশ। গ্রেফতার মোঃ ওয়াসিম সরদার (৪৫) মঙ্গলবার (২৪ নভেম্বর) পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ওয়াসিম সরদার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গোরস্থানপাড়া এলাকার মৃত সুলতান সরদারের ছেলে। তাকে মোমবার গ্রেফতার করে পুলিশ।

থানার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৪৯) ও অভিযুক্ত একই গ্রামের পরিচিত। ওই নারীর স্বামী পেশায় রাজমিস্ত্রি হওয়ায় কাজের সুবাদে অধিকাংশ সময় পাবনা শহরে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত ওই নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন বলে অভিযোগ। বিষয়টি স্বামী ও অভিযুক্তের আত্মীয়স্বজনকে জানানো হলেও তার আচরণে পরিবর্তন আসেনি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ওই নারী নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় অভিযুক্ত তার ঘরের দরজায় এসে ডাকাডাকি করেন। দরজা খোলার পর তাকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় নারীর হাত ধরে টান দেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী নারী চাটমোহর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।