চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ডিলারের গোডাউন ভেঙে সরকারি সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে গত দুই দিনে স্থানীয়রা লুট হওয়া সারের মধ্যে ২৯০ বস্তা ফেরত দিয়েছেন। এখনও উদ্ধার হয়নি ৩২১ বস্তা সার।

চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, গত সোমবার লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ২৯০ বস্তা ফেরত পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা সার ফেরত দেন স্থানীয়রা। বাকি ৩২১ বস্তা সার এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

অন্যদিকে, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তুষার আহমেদ (২১) ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এর আগে একই দিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৮) গ্রেপ্তার হন। বুধবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময়ে ছাইকোলা বাজারে আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। একপর্যায়ে ওই দুই ডিলার সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকদের ভিড় জমে প্রদীপ কুমার পালের দোকানে। সেখানে সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে একদল উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করে বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।