চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা বাজারে কৃষকদের কাছে সার বিক্রি না করে ৮০ বস্তা সার গুদামে মজুদ রাখার দায়ে এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী এ অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, ছাইকোলা বাজারে তালিকাভুক্ত ডিলাররা কৃষকদের মাঝে সার বিক্রি করলেও মেসার্স বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের গুদামে ৮০ বস্তা সার মজুদ থাকা সত্ত্বেও তা কৃষকদের কাছে বিক্রি করা হচ্ছিল না। এমনকি সারগুলো ভিন্ন একটি গুদামে মজুদ করে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুদ রাখা ৮০ বস্তা সার কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চাটমোহর থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.