চাটমোহর প্রতিবেদক: পাবনার চাটমোহর পৌর সদরের যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে নতুন উদ্যোগ নিয়েছে পৌরসভা। এবার গুরুত্বপূর্ণ থানা বাজারের আমতলা মোড়ে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাফিক স্বেচ্ছাসেবক। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাঁরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবেন।

বুধবার (৪ নভেম্বর) সকালে পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর আগে পৌরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নতুন বাজারের যারদিস মোড়ে একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার থানা বাজার মোড়েও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হলো।

কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালিদ হাসান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল হক সিন্টু, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় বক্তারা জানান, পৌর সদরের যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভারী যানবাহন পৌর সদরের প্রধান সড়কে মালামাল লোড-আনলোড করতে পারবে না। ভারী ট্রাক, কাভার্ড ভ্যান ও নির্মাণসামগ্রী বহনকারী যানবাহন এ সময়ের মধ্যে প্রধান সড়কে অবস্থান করে যান চলাচলে বিঘ্ন ঘটালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া পৌরসভার প্রধান সড়কে নির্মাণসামগ্রী ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পৌর প্রশাসক।

বক্তারা বলেন, পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তাঁরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবকের হাতে ছাতা, বাঁশিসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিয়ে তাঁদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।