চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে তেবাড়িয়া যুব সোসাইটি। এ সময় গতানুগতিক ফুলের তোড়ার পরিবর্তে পরিবেশবান্ধব উপহার হিসেবে তাঁকে বিভিন্ন জাতের ফলদ গাছের চারা দেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) ইউএনওর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে ইউএনওর হাতে উন্নত জাতের এভোকাডো, ১২ মাসি পিংক কাঁঠাল ও ভিয়েতনামী মাল্টার চারা তুলে দেওয়া হয়।
সংগঠনটির প্রতিনিধিরা জানান, ক্ষণস্থায়ী ফুলের তোড়ার পরিবর্তে জীবন্ত গাছের চারা উপহার দেওয়ার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই তাঁদের উদ্দেশ্য।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মেহেদী শাওন, কোষাধ্যক্ষ মো. সাকিব হোসেন এবং কার্যকরী সদস্য মো. ফজলু সরকার উপস্থিত ছিলেন। তাঁরা ইউএনওর কাছে সংগঠনের বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম, মাঠপর্যায়ের বাস্তবায়ন এবং অর্জনের নানা দিক তুলে ধরেন।
বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সংগঠনটির নিবন্ধন নম্বর যুউঅ/পাবনা-১২৬। সংগঠনটির দাবি, সম্পূর্ণ স্ব-অর্থায়নে ২৫টির বেশি যুগোপযোগী প্রকল্প পরিচালনাকারী প্রথম ও একমাত্র স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক যুব সংগঠন এটি।
সাক্ষাৎকালে চাটমোহরের প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে সংগঠনটির চলমান উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। এসব কার্যক্রমের কথা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক সহযোগিতার আশ্বাস দেন।
তৃণমূল পর্যায়ে মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং দক্ষ যুবসমাজ গঠনে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তেবাড়িয়া যুব সোসাইটির প্রতিনিধিরা।

Leave a Reply
You must be logged in to post a comment.