চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার সাতটি কলেজের মোট ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৪৫৩ জন। সে হিসাবে গড় পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৮ জন শিক্ষার্থী।
প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলার কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৯৫ জন। পাসের হার ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৫ জন।
অন্যদিকে চাটমোহর সরকারি কলেজ থেকে ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪৭ জন। পাসের হার ৩০ শতাংশ। এ কলেজ থেকে কেউ জিপিএ-৫ পাননি।
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২ জন। পাসের হার ২০ শতাংশ। ছাইকোলা কলেজ থেকে ১৮৭ জনের মধ্যে পাস করেছেন ৫৯ জন। পাসের হার ৩২ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন।
এ ছাড়া মির্জাপুর কলেজ থেকে ১১৪ জনের মধ্যে পাস করেছেন ২৭ জন। পাসের হার ২৪ শতাংশ। হরিপুর দুর্গাদাস স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৯ জনের মধ্যে পাস করেছেন ১০ জন। পাসের হার ২০ শতাংশ।
সবচেয়ে হতাশাজনক ফল করেছে হান্ডিয়াল কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ৩ জন। পাসের হার মাত্র ৭ শতাংশ। এ কলেজ থেকেও কেউ জিপিএ-৫ পাননি।
সামগ্রিক ফলাফলে দেখা যায়, চাটমোহরের সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ছয়টিতেই পাসের হার ৫০ শতাংশের নিচে। জিপিএ-৫ পেয়েছেন মাত্র দুটি কলেজের শিক্ষার্থীরা। উপজেলার এমন ফলাফল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply
You must be logged in to post a comment.