চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর) চাটমোহর সরকারি কলেজ ও বালুচর কবরস্থান এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। একই দিন স্বাদ রেস্টুরেন্ট ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রেস্টুরেন্টে নোংরা পরিবেশে বাসি খাবার পরিবেশন এবং মিষ্টি ও বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় চাটমোহর থানার একদল পুলিশ সদস্য অভিযানে সহায়তা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান এবং ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।