চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মহেলা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে পুনরায় মনোনীত হয়েছেন সম্পা পারভীন। তিনি বিএনপি নেতা ও দলিল লেখক রিপন রহমানের সহধর্মিণী।

এর আগে বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সম্পা পারভীন। এবারও তাঁকে আগামী ছয় মাসের জন্য সভাপতি হিসেবে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামীম হাসানের স্বাক্ষরিত ৪/এস/৭/৪৮৬ নম্বর স্মারকে গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য সম্পা পারভীনকে এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য মো. মহরম হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুর রাজ্জাক এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পা পারভীন পুনরায় সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের এডহক কমিটির মাধ্যমে আগামী ছয় মাস শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হবে।