চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে হাসিনা খাতুন (৫৫) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামীসহ আরো তিনজন।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চাটমোহর-টেবুনিয়া আঞ্চলিক সড়কের ভবানীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাসিনা খাতুন ঈশ্বরদী উপজেলার দিকমারী দেওয়ানপাড়া এলাকার মোস্তফা মোল্লার স্ত্রী। আহতরা হলেন, নিহতের স্বামী একইগ্রামের মৃত মকছেদ মোল্লার ছেলে মোস্তফা মোল্লা, আকাজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ, মিনহাজ উদ্দিন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, নিহতের ওই নারীর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আহতদের পাবনায় হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা টেবুনিয়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন হাসিনা খাতুনসহ অন্যরা। পথিমধ্যে মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে যায় সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলেই নিহত হন হাসিনা খাতুন।
স্থানীয়রা অন্যযাত্রীদের গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.