নিজস্ব প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪১তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নুসরাত জাহান। সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত এই কর্মকর্তাকে স্বাগত জানিয়ে তার সফলতা কামনা করা হয়।

এর আগে নুসরাত জাহান রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে পদায়নের অপেক্ষায় কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। তার নিজ জেলা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা।

দায়িত্ব গ্রহণের পর সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে ভূমি অফিসের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। ভূমি-সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব সেবা কেন্দ্রে পরিণত করতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চান। ভূমি সেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাংবাদিক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ফলে ভাঙ্গুড়া উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও সেবা কার্যক্রমে আরও গতি আসবে। বিশেষ করে নামজারি, ভূমি উন্নয়ন কর, খাসজমি ব্যবস্থাপনা, ভূমি-সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি এবং সাধারণ মানুষের বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবেন নবাগত এই কর্মকর্তা।