গোলাম মোস্তফা, ভাঙ্গুড়া: পাবনার ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে ভোট দেওয়া-না দেওয়ার বিরোধের জেরে দুধবাহী পিকআপে হামলা, দুধ ফেলে দেওয়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজাম উদ্দিন নীরব নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নষ্ট হওয়া দুধের পরিমাণ ১ হাজার ২৬৮ লিটার এবং এর আনুমানিক বাজারমূল্য ৭৬ হাজার টাকা বলে জানা গেছে।

গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ম্যানেজার আবুল কালাম আজাদের দাবি, ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনে একটি নির্দিষ্ট প্রার্থীকে ভোট না দেওয়াকে কেন্দ্র করে তার পরিবারের সঙ্গে কয়েকজনের বিরোধ তৈরি হয়। এর জের ধরে ওই রাতে তার ছেলে নিজাম উদ্দিন নীরব ১ হাজার ২৬৮ লিটার দুধ নিয়ে একটি পিকআপে করে মিলে যাওয়ার পথে ভবানীপুর এলাকায় কয়েকজন তার পথরোধ করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ সময় নীরবকে মারধর করা হয়। পরে পিকআপে থাকা দুধ ফেলে দেওয়া, দুধের ড্রাম কেটে দেওয়া এবং গাড়িতে ভাঙচুর চালানো হয়। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহত নীরবকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তবে ঘটনাটি রাজনৈতিক কাউন্সিলকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে কি না, নাকি এর পেছনে অন্য কোনো বিরোধ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে দুধ ও গাড়ির ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। পরবর্তীতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, তদন্তের পর হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।