ভাঙ্গুড়া প্রতিবেদক: পাবনার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল-২০২৬ গোপন ব্যালটে ভোটগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে মাত্র ২ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুল আলম। একই কাউন্সিলে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কাউন্সিলে ইউনিয়নের নয়টি ওয়ার্ড কমিটির মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার গোপন ব্যালটে ভোট দেন। ভোটগ্রহণ ও গণনা শেষে শনিবার রাত সোয়া ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে আনারস প্রতীকে মো. শামসুল আলম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মো. আবেদ আলী মেম্বার পান ২২৪ ভোট। ফলে মাত্র ২ ভোটের ব্যবধানে শামসুল আলম সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ইউসুফ আহমেদ ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে মো. আব্দুল বারীক পেয়েছেন ২১৩ ভোট।
এর আগে ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবেদ আলীর সঞ্চালনায় কাউন্সিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
কাউন্সিলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় কাউন্সিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

Leave a Reply
You must be logged in to post a comment.