পাবনা প্রতিনিধি: পাবনায় নিজ বসতবাড়িতে চাষ করা ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ দেওয়ান ইন্তাজ আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই অভিযানে আরও পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের নিয়মিত মাদকবিরোধী অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক সোহানের নেতৃত্বে পাবনা সদর সার্কেল টিম সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত দেওয়ান ইন্তাজ আলীর নিজ দখলীয় বসতবাড়িতে চাষ করা ৯ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেওয়ান ইন্তাজ আলী পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর মধ্যপাড়া গ্রামের মৃত দেওয়ান খোরশেদ আলীর ছেলে।
এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক সোহান বাদী হয়ে দেওয়ান ইন্তাজ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এদিকে, একই দিনের পৃথক মাদকবিরোধী অভিযানে আরও পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

Leave a Reply
You must be logged in to post a comment.