ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত অবস্থায় ম্যান লিফট থেকে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে প্রকল্পের অভ্যন্তরে নিকিমথ কোম্পানির OOUKS ভবনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত উজ্জ্বল খন্দকার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ট্রাফিক মোড় এলাকার আব্দুস সবুর খন্দকারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নিকিমথ কোম্পানির অধীনে MTU-2-তে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ ও প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুরে OOUKS ভবনে ম্যান লিফটে কাজ করছিলেন উজ্জ্বল। কাজের একপর্যায়ে আনুমানিক ২০ ফুট ওপর থেকে তিনি নিচে পড়ে যান। এতে তাঁর হাত-পা ভেঙে যায় এবং ঘাড়ের মাংসপেশি ছিঁড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কোম্পানির এলাকায় প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উজ্জ্বলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে কর্মস্থলে নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি পরে জানতে পেরেছি। এ বিষয়ে আরও খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Leave a Reply
You must be logged in to post a comment.