পাবনা প্রতিনিধি: পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে চার মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) পাবনা সদর উপজেলার লস্করপুর এবং ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া ও মাজদিয়া এলাকার বিভিন্ন মাদক স্পটে এসব অভিযান পরিচালনা করা হয়।
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মো. দিদারুল ইসলাম এবং ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা সদর উপজেলার ছাতিয়ানী এলাকার মৃত হাসেন আলীর ছেলে মো. রতন আলী (৪০), কবিরপুর এলাকার বাবলুর ছেলে মো. রেজাউল (৩৯), ঈশ্বরদী উপজেলার শৈলপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. রাকিব (৩১) এবং একই এলাকার টগরের ছেলে মো. আকাশ (২১)।
ডিএনসি পাবনার উপপরিদর্শক মো. জামালুর রহমান ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চলতি আগস্ট মাসে এ পর্যন্ত মাদক অপরাধের সঙ্গে জড়িত মোট ১০৫ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকের আগ্রাসন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply
You must be logged in to post a comment.