চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পরিবেশ দূষণের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), পাবনা।
বুধবার (২৬ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে একটি প্রতিষ্ঠান থেকে মুরগির বিষ্ঠা বড়াল নদীতে ফেলার অভিযোগ এবং অন্য প্রতিষ্ঠানগুলোতে উন্মুক্ত স্থানে বর্জ্য সংরক্ষণের মাধ্যমে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়া যায়।
স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত (পরিবেশ), পাবনা ও পরিবেশ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শিহাব উদ্দিন। তিনি সামারি ট্রায়ালের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে মোট ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় র্যাব-১২ পাবনা ক্যাম্প ও চাটমোহর থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.