নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ঘোষিত কমিটিকে একতরফা ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে ঈশ্বরদী রেলওয়ে গেট এলাকায় উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল নিয়ে রেলওয়ে গেট এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়ে স্টেশন রোড প্রদক্ষিণ করে বাজারের প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত সদস্য সচিব বিষ্টু কুমার সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা সিন্টু সরদার, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা আশিকুর রহমান নান্নু, আমিনুল ইসলাম, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, সাবেক যুগ্ম আহ্বায়ক আউয়াল কবির, যুগ্ম আহ্বায়ক রুমন আলী এবং ঈশ্বরদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক মাহমুদুল হাসান শাওনসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সুবিধা নেওয়া ব্যক্তিদের নিয়েই নতুন কমিটি গঠন করা হয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে থাকা পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে এমন কমিটি ঘোষণা বিএনপির রাজনৈতিক নীতি ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের পরিপন্থি।
তারা আরও অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে রাতের আঁধারে প্রহসনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। অবিলম্বে ঘোষিত কমিটি প্রত্যাহার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ঘোষিত কমিটি প্রত্যাহার না করা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবেন তারা।
তবে এসব অভিযোগের বিষয়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply
You must be logged in to post a comment.